• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব

নিজস্ব প্রতিবেদক

মুসলমানদের ঐক্য ও সংহতি কামনায় আখেরি মুনাজতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। শেষের এ পর্বের আয়োজনে ছিলেন তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সা'দ কান্ধলভী বা ভারতের নিজামুদ্দিন মারকাজ অনুসারীরা।

এর আগে দুই দফায় ৫৮তম বিশ্ব ইজতেমার আয়োজন করে তাবলীগ জামাতের আ'লমী শূরা (বিশ্ব পরামর্শসভা)। গত ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতে তাদের ইজতেমা সমাপ্ত হয়। গতকাল রোববার মাওলানা সা'দ কান্ধলভীর জ্যেষ্ঠ ছেলে মাওলানা ইউসুফ বিন সা'দ সমাপনী হেদায়েতি বয়ানের পর আখেরি মুনাজাত করেন।

রোববার টঙ্গী তুরাগ তীরে দুপুর ১২টা ৩৮ মিনিটে শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয় তার আখেরি মুনাজাত। দীর্ঘ প্রায় ২৯ মিনিট স্থায়ী মুনাজাতে মাওলানা ইউসুফ বিন সা’দ মহান আল্লাহ রাব্বুল আ'লামিনের দরবারে কায়মনোবাক্যে মুসলমানদের হেফাজত এবং ঐক্য, সংহতি ও পরস্পরের ভেতর মহব্বত পয়দা কামনা করেন, মুসলমানদের ইখতেলাফ (মতপার্থক্য /বিরোধ) এবং দুনিয়া থেকে শিরক ও বিদআতের খতম কামনা করেন। দ্বীলের (অন্তরে) ভেতর দৃঢ় ইয়াকিন পয়দা কামনা এবং দ্বীনের হিজরত ও মেহনতকে কবুল করার আকুতি জানান। বনি আদমের হেদায়েত, উম্মতে মুহাম্মদির জান-মাল হেফাজত, সকল বেমারি থেকে আরোগ্য, সিরাতুল মুস্তাকিম ও ইবাদতে ইখলাস নসিব কামনা করেন।

এছাড়া ইহ ও পারলৌকিক মুক্তি, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার তৌফিক কামনা এবং তাবলীগের মেহনত ও ইজতেমাকে কবুল করার আকুতি জানিয়ে আখেরি মুনাজাত শেষ করেন। মুনাজাত চলাকালে সুবিশাল ইজতেমা ময়দানে পিনপতন নিরবতা নেমে আসে। মুনাজাতে তিনি মহান রাব্বুল ইজ্জতের কাছে যখন কিছু কামনায় আকুতি জানান; তখনই সাথে সাথে ময়দান কেঁপে লাখো কণ্ঠে আওয়াজ উঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন, ছুম্মা আমিন’। পিনপতন নিরবতা ভঙ্গ করে মুসল্লিদের সমম্বরে আমিন ধ্বনি ও কান্নার আওয়াজে ইজতেমা ময়দানে নেমে আসে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশের। ইজতেমা ময়দানের আশপাশের সড়ক ও মহাসড়কগুলো ছিল যানজটমুক্ত। এমনকি ময়দানের ভেতরও ছিল অনেকটা ফাঁকা।

এদিকে রোববার ইজতেমা শেষে বিদেশে পাঁচ মাসের জন্য, দেশের ভেতরে চার মাস মেয়াদি ও ৪০ দিন বা এক চিল্লার মেয়াদি এবং ১০ বা ১৫ দিনের উদ্দেশে দেড় সহস্রাধিক জামাত বের হয়েছে বলে জানিয়েছেন নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

এছাড়া শেষ পর্বে ৬৪ দেশের ১ হাজার ৫৮৪ জন বিদেশী মেহমান শরিক হন বলেও তিনি দাবি করেন।

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।